গাইবান্ধা এটিআই-এ হাতুড়ি দিয়ে শহীদ মিনার ভাঙচুর, মাইক্রোতে চড়ে পালালেন অভিযুক্ত শিক্ষক
গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙচুরের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানেরই এক প্রশিক্ষকের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও কর্তৃপক্ষের অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে অভিযুক্ত শিক্ষক হাতুড়ি দিয়ে শহীদ মিনারটি ভাঙচুর করেন। ভাঙচুর শেষে সকাল ৮টার দিকে তিনি মাইক্রোবাসে চড়ে ইনস্টিটিউট থেকে পালিয়ে যান।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. আহসান হাবীব। তিনি গাইবান্ধা এটিআই-এ প্রশিক্ষক হিসেবে কর্মরত।
ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান জানান, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রতিষ্ঠান সম্পর্কে বিরূপ ও মানহানিকর মন্তব্য করে আসছিলেন। এ ঘটনায় গত ১৯ অক্টোবর গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১১৪) করা হয়েছিল।
অধ্যক্ষ আরও জানান, জিডি করার পরও তিনি শোধরাননি। তারই ধারাবাহিকতায় আজ সকালে হাতুড়ি দিয়ে শহীদ মিনারের মতো একটি স্পর্শকাতর ও জাতীয় চেতনার প্রতীক ভাঙচুর করেন, যা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনায় আজ নতুন করে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: