• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নিজের জমিতে পেতে রাখা ইঁদুর তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে গেল প্রাণ!

সত্যজিৎ দাস ধ্রুব, ভৈরব

প্রকাশিত: ২২:০৪, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিজের জমিতে পেতে রাখা ইঁদুর তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে গেল প্রাণ!

কিশোরগঞ্জের ভৈরবে জমিতে ইঁদুর তাড়ানোর জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান জজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান জজ মিয়া ভৈরব উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী। তিনি শিমুলকান্দি গ্রামের বাদশা বাড়ির মৃত মফিজ উদ্দিনের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলকান্দি গ্রামে নিজেদের জমিতে ধান রক্ষায় ইঁদুরের উপদ্রব ঠেকাতে ধানের গুছিতে বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে ফাঁদ পেতেছিলেন সাইদুর রহমান। প্রতিদিন রাতে তিনি ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ চালু করতেন এবং সকালে তা বন্ধ করতেন।

সোমবার সকালেও প্রতিদিনের মতো বৈদ্যুতিক ফাঁদের সংযোগ বিচ্ছিন্ন করতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুরের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবদুল করিম জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া হলেও দুপুরের দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত