• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জামিনের আদেশ পৌঁছানোর পরদিনই কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৭, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জামিনের আদেশ পৌঁছানোর পরদিনই কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় রঞ্জিত কুমার ঘোষ (৭৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল গ্রামের জিতেন্দ্র ঘোষের ছেলে। তিনি চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার নাশির আহমেদ জানান, রঞ্জিত কুমার ঘোষ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার (৯ নভেম্বর) সকালেও তিনি কারাকক্ষে স্বাভাবিকভাবে কথাবার্তা বলেছেন। পরে আনুমানিক সকাল ১০টা থেকে ১২টার মধ্যে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার জানান, রঞ্জিত কুমার ঘোষ সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে ছিলেন। রবিবার (৮ নভেম্বর) রাতে তার জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। সে অনুযায়ী সোমবার (৯ নভেম্বর) তার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিলো।

বর্তমানে তার মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কারাগারের জেলার নাশির আহমেদ।

বিভি/এসজি

মন্তব্য করুন: