রামগড়ে বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষক-শিক্ষার্থী আহত
খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে ১৬ জন শিক্ষার্থী ও একজন সহকারী শিক্ষিকা আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিটের সময় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কক্ষের বাহিরে পার্শ্ববর্তী একটি গাছে বজ্রপাত পড়ে। এ সময় বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে আতঙ্কিত হয়ে বিদ্যালয়ের একজন শিক্ষিকাসহ ১৬ জন শিক্ষার্থী আহত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে পুরো বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় ৪র্থ শ্রেনীর কক্ষের পাশে বজ্রপাত হওয়াতে শ্রেনী কক্ষে থাকা শিক্ষক শাহানা আফরোজসহ ১৬ জন শিক্ষার্থীর হাত-পা ও শরীরে বজ্রপাতের ঝলকানি লাগে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগীতার তাদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে আতঙ্কিত হয়েছেন। কারো কারো শরীরের বিভিন্ন অংশে তাৎক্ষনিক অবস হলেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থী সবাই শঙ্কামুক্ত হওয়ায় চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: