শিকারির পাতানো ফাঁদে আটকে পড়া হরিণ উদ্ধার করে আবারও সুন্দরবনে অবমুক্ত
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে থাকা একটি চিত্রা হরিণ আহত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। চিকিৎসা শেষে আবারও অবমুক্ত করা হয়েছে সুন্দরবনে। সোমবার( ৯ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে শিকারিরা ফাঁদ পেতে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সোমবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন শিকারির পাতা ফাঁদে আটকে থাকা একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বিকালে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: