২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ
ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থতার অভিযোগে এবার আইনি চাপে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তার মালিকানাধীন প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে একটি বেসরকারি ব্যাংক।
ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল।
তবে গত ২ নভেম্বর ব্যাংকে চেকটি জমা দেওয়া হলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, পাওনা অর্থ পরিশোধে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে অনন্ত জলিলের দাবি, করোনাকালে কারখানার শ্রমিকদের কাজ না থাকলেও বেতন-ভাতা চালু রাখতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল। পরবর্তী সময়ে সুদসহ ঋণের পরিমাণ বেড়েছে। ব্যবসা সচল রাখতে বিভিন্ন পক্ষের সঙ্গে অংশীদারত্বের চেষ্টা করেও সফল হননি তিনি।
ব্যাংকের এই আইনি নোটিশের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ।
বিভি/জোহা













মন্তব্য করুন: