বাবার অসুস্থতার খবর পেয়ে ছেলের মৃত্যু, দুইজনই না ফেরার দেশে
কুষ্টিয়ায় বাবার অসুস্থতার খবর শুনে কর্মস্থলে স্ট্রোক করে মারা গেছেন ছেলে মাহফুজুর রহমান (২৭)। ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই শয্যাশায়ী বাবা আবদুল মান্নানও (৫৯) মারা গেছেন। একই পরিবারের বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের একটি ছাপাখানায় কাজ করার সময় মাহফুজুরের কাছে ফোন আসে, তার বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ খবর শোনার পরপরই কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
রাত সাড়ে ৮টার দিকে মাহফুজুরের মরদেহ বাড়িতে পৌঁছালে শয্যাশায়ী বাবা আবদুল মান্নানের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে রাত ১১টার দিকে তিনিও শেষনিশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, চার ভাই-বোনের মধ্যে মাহফুজুর ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রায় আট মাস আগে তার বিয়ে হয়েছিল।
বুধবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় গোরস্তানে পাশাপাশি কবরে বাবা ও ছেলেকে দাফন করা হয়। তাদের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: