• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গভীর রাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৪৬, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গভীর রাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এতে প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে এ কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কয়েক হাজার নেতাকর্মী বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে সেখানে অবস্থান করেন তারা।

অবস্থান কর্মসূচি চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিভি/শরীয়তপুর/পিএইচ

মন্তব্য করুন: