বাঘের আক্রমণে আহত ভুক্তভোগীকে লাখ টাকার চেক প্রদান
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে বাঘের আক্রমণে আহত এক ভুক্তভোগীর মাঝে ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা’ অনুযায়ী সরকারের আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে বাঘের আক্রমণে আহত গাবুরা গ্রামের বাবলু গাজীকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকার চেক প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় বন সংরক্ষক ইমরান আহমেদ, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম। এসময় সেখানে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলেবাওলীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, বনসংলগ্ন প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমাতে এবং আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার সবসময় পাশে রয়েছে। পাশাপাশি লোকালয়ে বাঘের প্রবেশ রোধে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম জোরদার করার মাধ্যমে আমরা বন ও বন্যপ্রাণী সুরক্ষার সাথে সাথে স্থানীয় মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে গণমাধ্যমের ইতিবাচক ও সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
উল্লেখ্য সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা ক্যাম্পের পায়রা টুনি খালে চলতি বছরের (২০২৬) মে মাসে শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের বাবলু গাজী বাঘের আক্রমণের শিকার হন।
বিভি/এআই













মন্তব্য করুন: