• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে একদিনের ব্যবধানেই কমলো স্বর্ণের দাম, নেপথ্যে কী?

প্রকাশিত: ১১:৩৪, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্ববাজারে একদিনের ব্যবধানেই কমলো স্বর্ণের দাম, নেপথ্যে কী?

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের অপেক্ষায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন হয়েছে। আগের দিনের ১ শতাংশের বেশি দরবৃদ্ধির পর মঙ্গলবার (১০ নভেম্বর) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের নীতির সম্ভাব্য গতিপথ নিয়ে অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এ দরপতনে ভূমিকা রেখেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটের আগের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ১১৪ ডলার ৪৮ সেন্টে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদি স্বর্ণের ফিউচার চুক্তির দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ ডলার ৫০ সেন্ট হয়েছে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা বলেন, বাজারে আপাতত কিছুটা ওঠানামা চলছে। যুক্তরাষ্ট্রের লেনদেন চলাকালে দাম যে উচ্চতায় উঠেছিল, সেখান থেকে কিছুটা কমেছে। এর পেছনে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রভাব থাকতে পারে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত আর না বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অব্যাহত থাকলে এবং এর প্রভাবে তেলের দাম কমতে থাকলে তা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক হতে পারে। কারণ, এর প্রভাব পড়বে ডলারের মূল্য, মূল্যস্ফীতি এবং সুদের হারের প্রত্যাশার ওপর।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আপাতত ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রাখবেন তিনি। হোয়াইট হাউসে আলোচনার সময় কাতারের প্রধানমন্ত্রীর পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের অনুরোধের পর তিনি এ সিদ্ধান্ত নেন। এর প্রভাবে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে। আগের দিনও দরপতন হয়েছিল জ্বালানি পণ্যটির।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের রিচমন্ড শাখার প্রেসিডেন্ট টম বারকিন সোমবার বলেন, মূল্যস্ফীতি এখনো অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি। এ পরিস্থিতিতে মুদ্রানীতি নির্ধারণের ক্ষেত্রে ফেডকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। তবে ডিসেম্বরের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সে বিষয়ে তার কোনো নির্দিষ্ট অবস্থান নেই।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা ডিসেম্বরের বৈঠকে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৮৪ শতাংশ বলে মনে করছেন। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে এবং দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়।

এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যের দিকে, যা মঙ্গলবার প্রকাশিত হওয়ার কথা। এরপর শুক্রবার প্রকাশ করা হবে উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ ডলার ১৪ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৫৭৬ ডলার ৪৪ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৯ ডলার ৪৭ সেন্ট হয়েছে।

সূত্র: রয়টার্স

বিভি/রয়টার্স/পিএইচ

মন্তব্য করুন: