• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৪৯, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় পুলিশের পিকআপ লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স প্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে এ ঘটনায় গুলিবিদ্ধ দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেনকে (৪৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নেয়।

স্থানীয়রা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রহিম আলী মোল্লা ও আওলাদ হোসেন মোল্লার কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। গত ২২ দিন আগে এলাকা থেকে বিতারিত হওয়া রহিম মোল্লা গ্রুপের লোকজন তাদের গ্রামে উঠে। বেশ কিছুদিন দুই গ্রুপ শান্তিপূর্ণভাবে গ্রামগুলোতে বসবাস করে আসছিলো। রহিম মোল্লা গ্রুপের লোকজন এলাকায় উঠেই প্রতিপক্ষের ওপর চড়াও হতে থাকে। পাশাপাশি প্রতিপক্ষের লোকজনদের হুমকি-ধামকি দিতে থাকে। এরই জেরে এলাকায় আধিপত্য ধরে রাখতে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এর ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) রাতে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও শত শত ককটেল বিস্ফোরণে পুরো ইউনিয়নের গ্রামগুলোতে আতঙ্ক ছড়ায়। এক পর্যায়ে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা, চরডুমুরিয়া, চৈতারচর ও আধারা ইউনিয়নের সোলারচর এলাকায় দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। গভীর রাত থেকে ভোর সকাল পর্যন্ত সংঘর্ষে রহিম মোল্লা গ্রুপ টিকতে না পেরে এলাকা ছেড়ে চলে যায়। সংঘর্ষ মোল্লাকান্দি ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী আধারা ইউনিয়নের সোলারচর গ্রামের আওয়ামী লীগ নেতা আহাদুল গ্রুপকেও এলাকা থেকে বিতারিত করা হয়। আহাদুল গ্রুপ দীর্ঘ দিন বিএনপি নেতা রহিম মোল্লার গ্রুপে যুক্ত হয়ে মোল্লাকান্দির সংঘর্ষে লিপ্ত হতো। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

ঘটনা প্রসঙ্গে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তছলিম উদ্দিন বলেন, ইউনিয়ন নির্বাচনের সামনে ওই দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় পুলিশের পিকআপ লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বর্তমানে সেখানকার শান্ত পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লার ব্যবহৃত মোবাইল ফোন ও বিএনপি কর্মী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসআপে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

বিভি/এসজি

মন্তব্য করুন: