• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ঢাকার তিন পাম্পে তেল কম দেওয়ার প্রমাণ, বন্ধ ৪ ইউনিট

মোরশেদ আলম

প্রকাশিত: ১৮:৩১, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকার তিন পাম্পে তেল কম দেওয়ার প্রমাণ, বন্ধ ৪ ইউনিট

পাম্পে ১০ লিটার ডিজেল বা অকটেন নিচ্ছেন, কিন্তু পরিমাপে কারচুপির কারণে পাচ্ছেন তার চেয়ে কম! এমন প্রতারণার প্রমাণ মিলেছে রাজধানীর তিনটি ফিলিং স্টেশনে। জ্বালানি তেল পরিমাপে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে চারটি ডিসপেন্সিং ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পরে ইউনিটগুলো বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (১১ নভেম্বর) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানে তিনটি ফিলিং স্টেশনের মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে চারটি ইউনিটে পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়া যায়।

বিএসটিআইয়ের তথ্য অনুযায়ী, মালিবাগ অটো সার্ভিসে তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার তেল কম পাওয়া যায়।

অন্যদিকে, টিকাটুলির এ হাই অ্যান্ড কোং ফিলিং স্টেশনে তিনটি ইউনিট পরীক্ষা করে একটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ মেলে।

এ ছাড়া খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনে পাঁচটি ইউনিট যাচাই করে দুটি অকটেন ইউনিটে অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে একটিতে প্রতি ১০ লিটারে ৪০ মিলিলিটার এবং অন্যটিতে ১৩০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়।

বিএসটিআই প্রধান কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক মিলন হোসেন অংশ নেন। তারা জানান, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

বিভি/এমএ/এআই

মন্তব্য করুন: