মানুষের চাপ কমতেই বাড়ছে লাল কাঁকড়ার আবাস
বালুকা বেলায় রক্তিম লাল কাঁকড়ার দল বেঁধে বিচরণ। মুহূর্তেই গর্তে লুকিয়ে পড়া আর ক্ষিপ্রগতির ছোটাছুটি কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ এই লাল কাঁকড়া। তবে পর্যটকদের অবাধ বিচরণ, হইচই, যানবাহনের চলাচল ও মানুষের অসচেতনতায় দীর্ঘদিন ধরে হুমকির মুখে ছিল ক্ষুদ্র এই প্রাণীর আবাসস্থল। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর আশার আলো দেখাচ্ছে সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা। গবেষণায় দেখা গেছে, অসংরক্ষিত এলাকার তুলনায় সংরক্ষিত সৈকতে লাল কাঁকড়ার গর্তের ঘনত্ব প্রায় ১৯ গুণ বেশি।
গবেষণার এই ফলাফল বলছে, মানুষের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ এবং সামান্য সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা গেলে কুয়াকাটার সৈকতে লাল কাঁকড়ার আবাসস্থল রক্ষা করা সম্ভব। এতে শুধু সৈকতের নান্দনিক সৌন্দর্যই নয়, উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখা যাবে।
আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘রিজিওনাল স্টাডিজ ইন মেরিন সায়েন্স’-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ‘কুয়াকাটার বালুকাময় সৈকতে লাল কাঁকড়ার প্রাচুর্য ও আচরণের ওপর মানুষের বিচরণজনিত প্রভাব হ্রাসে সংরক্ষণ উদ্যোগের ভূমিকা’ শীর্ষক গবেষণায় লেম্বুরবন, চর গঙ্গামতি ও চর বিজয় এলাকায় লাল কাঁকড়ার গর্তের ঘনত্ব ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেন গবেষকেরা। এ সময় সব মিলিয়ে ছয় হাজার ৫৭৫টি গর্ত নথিভুক্ত করা হয়।
গবেষণার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সংরক্ষিত এলাকায় লাল কাঁকড়ার গর্তের ঘনত্ব অসংরক্ষিত এলাকার তুলনায় প্রায় ১৯ গুণ বেশি। গবেষকদের মতে, সৈকতের সংবেদনশীল এলাকায় মানুষের বিচরণ নিয়ন্ত্রণ, পর্যটকদের চলাচলের নির্দিষ্ট পথ নির্ধারণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিয়মিত তদারকির মাধ্যমে কাঁকড়ার আবাসস্থল সংরক্ষণ করা সম্ভব। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, সংরক্ষিত এলাকায় কাঁকড়ার গর্তের ঘনত্ব বেশি হওয়ার অন্যতম প্রধান কারণ হলো মানুষের বিচরণ ও অন্যান্য বাহ্যিক বিরক্তি তুলনামূলক কম থাকা। কাঁকড়ার প্রকৃত সংখ্যা নির্ণয়ের পাশাপাশি তাদের আবাসস্থলের ক্ষতি এড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ কারণে গবেষণায় গর্তের ঘনত্ব পরিমাপের মাধ্যমে কাঁকড়ার উপস্থিতি ও বিস্তারের তুলনামূলক চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নমুনাভিত্তিকভাবে পুরোনো গর্ত পরীক্ষা করে সক্রিয় নয় এমন গর্ত হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, লাল কাঁকড়া শুধু কুয়াকাটা সৈকতের সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখতে পারে। মৃত জৈব পদার্থ ও ক্ষুদ্র প্রাণী খাওয়ার মাধ্যমে পুষ্টি উপাদানের পুনঃচক্রায়ন এবং খাদ্যজালের ভারসাম্য রক্ষায় এদের অবদান রয়েছে।
তিনি আরও বলেন, লাল কাঁকড়া সংরক্ষণে বিভিন্ন মৌসুমে তাদের উপস্থিতি ও গর্তের ঘনত্বের পরিবর্তন, পর্যটকদের চাপ, যানবাহন চলাচল, বর্জ্য এবং সৈকতের পরিবেশগত বৈশিষ্ট্য নিয়ে দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন। পাশাপাশি কাঁকড়ার প্রজননকাল, ছোট কাঁকড়ার বেঁচে থাকার হার এবং দূষণের সম্ভাব্য প্রভাবও নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন আব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটায় আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ লাল কাঁকড়া। তবে এসব কাঁকড়ার সঙ্গে ছবি তুলতে গিয়ে অনেক পর্যটক অতিরিক্ত উৎসাহী হয়ে পড়েন। এতে কাঁকড়াগুলো আহত হয়, এমনকি অনেক ক্ষেত্রে মারা যায়।
তিনি বলেন, কিছু অটোরিকশাচালক পর্যটকদের হাতে কাঁকড়া নিয়ে ছবি তোলার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সৈকতে নিয়ে যান। এ ধরনের কর্মকাণ্ড কাঁকড়ার জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে লেম্বুরবন, গঙ্গামতি ও চর বিজয়সহ যেসব এলাকায় কাঁকড়ার বিচরণ বেশি, সেখানে সংরক্ষণ, নিয়মিত পাহারা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন। পর্যটকদের ভ্রমণের শুরুতেই লাল কাঁকড়ার পরিবেশগত গুরুত্ব সম্পর্কে জানাতে হবে এবং কাঁকড়া ধরা বা বিরক্ত করে ছবি তোলা থেকে বিরত রাখতে হবে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর আ হবায়ক কে এম বাচ্চু বলেন, আন্তর্জাতিক গবেষণায় সংরক্ষিত সৈকতে কাঁকড়ার গর্তের ঘনত্ব বেশি পাওয়ার তথ্য জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বকে আরও স্পষ্ট করেছে। এ ফলাফলকে কাজে লাগিয়ে কুয়াকাটার গুরুত্বপূর্ণ কাঁকড়ার বিচরণক্ষেত্রগুলো সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান বলেন, চর বিজয়, লেম্বুরবন ও গঙ্গামতি এলাকায় বর্তমানে লাল কাঁকড়ার আবাসস্থলের অবস্থা সন্তোষজনক রয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা, পটুয়াখালীর নির্দেশনা অনুযায়ী এসব এলাকার কাঁকড়ার আবাসস্থল ও উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ কাজ করছে।
তিনি আরও বলেন, লাল কাঁকড়ার আবাসস্থল রক্ষায় এর আগে বেড়া স্থাপন করা হয়েছিল। কিন্তু সাগরের প্রতিকূল আবহাওয়া, জোয়ার-ভাটা ও ঢেউয়ের কারণে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে কাঁকড়ার বিচরণক্ষেত্র সুরক্ষিত রাখতে বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি নতুন করে বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, সংরক্ষিত সৈকতে লাল কাঁকড়ার গর্তের ঘনত্ব বেশি পাওয়ার তথ্য জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বকে আরও স্পষ্ট করেছে। পর্যটকদের সচেতন করা, লাল কাঁকড়া ধরা ও বিরক্ত করা থেকে বিরত রাখা এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষায় সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: