মজলিসের খাবার খেয়ে ৫ শতাধিক ডায়রিয়া আক্রান্ত
হাসপাতালে ভর্তি ডায়রিয়া আক্রান্তরা। ছবি: বাংলাভিশন
গাইবান্ধার সাঘাটায় একটি মজলিসের খাবার খেয়ে নারী ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা গাইবান্ধা সদর হাসপাতাল, সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় একটি মিলাদ ও মজলিসের আয়োজন করেন তার ভাই বাবলু ব্যাপারী। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ও অনামন্ত্রিত প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন। অতিথিদের জন্য আটার পিটালি ও ভাতের আয়োজন করা হয়।
খাবার খেয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পর থেকেই অতিথিদের মধ্যে তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার বিকেল থেকেই অসুস্থরা দলে দলে হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। একই পরিবারের শিশুসহ ৮ থেকে ১০ জন পর্যন্ত আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম সিহাব জানান, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে নারী ও শিশুসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় ধরে রান্না করা খাবার মজুত রাখায় খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ থেকে এই গণ-ডায়রিয়া ছড়িয়েছে। তবে স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করছেন, পূর্ব শত্রুতার জেরে রান্নার সঙ্গে জড়িত কেউ খাবারে ক্ষতিকর কিছু মিশিয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
বিভি/এফকে/এজেড













মন্তব্য করুন: