• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পদত্যাগ করেছেন বিচারপতি মো. রেজাউল হাসান

প্রকাশিত: ১২:২৯, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ১৩:২১, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পদত্যাগ করেছেন বিচারপতি মো. রেজাউল হাসান

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। সুপ্রিম কোর্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পদত্যাগপত্রটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বঙ্গভবনে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

জানা যায়, বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সম্প্রতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক। অভিযোগে বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি গুরুতর অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য কাউন্সিলে তদন্তের সুপারিশও করা হয়েছিল।

আবেদনকারীর অভিযোগ অনুযায়ী, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার শুনানিতে বিচারপতি রেজাউল হাসান পক্ষপাতমূলক আচরণ করেন। একটি মামলায় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবী আদালতে উপস্থিত না থাকলেও রায়ে তার নামে কাল্পনিক যুক্তিতর্ক উল্লেখ করা হয়েছিল, যা পরবর্তীতে আপিল বিভাগ বাতিল করে দেয়।

অন্য একটি মামলায় অভিযোগ করা হয়, আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার ১৩ লাখ শেয়ার অবৈধভাবে বাতিল করা হয়েছে। আবেদনকারীর দাবি, এ ধরনের রায় বিচার বিভাগের নিরপেক্ষতা ও ন্যায়বিচারের নীতির পরিপন্থি।

উল্লেখ্য, পদত্যাগপত্রটি ইতোমধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত