ব্যাংকিং লেনদেন ও ওয়েবসাইট নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন বার্তা
দেশের ব্যাংকিং লেনদেনে বর্তমানে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি।
রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, নিরাপত্তার কারণে যেসব ব্যাংক তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে, সেগুলো নিরাপত্তা নিশ্চিত করে শিগগিরই আবার চালু করা হবে।
এর আগে, সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। তিন দিন বন্ধ থাকার পর রবিবার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি আবার সচল করা হয়েছে।
তবে এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের আর্থিক লেনদেনে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ওয়েবসাইট বন্ধ রাখার বিষয়ে আরিফ হোসেন খান বলেন, ওয়েবসাইটে কোনো নিরাপত্তাগত ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়েছিল। বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কা থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়। পরে ঝুঁকি কেটে যাওয়ায় এটি আবার চালু করা হয়েছে।
এদিকে, ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের বড় একটি অংশ এ প্রযুক্তির ওপর নির্ভরশীল।
নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা নেয়। কিছু প্রতিষ্ঠান সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখে। বিভিন্ন গণমাধ্যমের খবরে এ সময় ব্যাপক হ্যাকিংয়ের চেষ্টার কথাও উঠে এসেছে।
তবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, দেশের ব্যাংকিং লেনদেন স্বাভাবিক রয়েছে এবং কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হওয়ার তথ্য পাওয়া যায়নি। নিরাপত্তা যাচাই শেষে বন্ধ থাকা ওয়েবসাইটগুলোও পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানানো হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: