• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির রায় ঘোষণার দিন নির্ধারণ

প্রকাশিত: ১৪:৫১, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির রায় ঘোষণার দিন নির্ধারণ

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির রায় আগামী ২৯ অক্টোবর ঘোষণা করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটির রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

হানিফ ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চার আসামিই পলাতক। তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন মামলা পরিচালনা করছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ২৯ জুলাই কুষ্টিয়ায় একটি বৈঠকে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ ও ষড়যন্ত্রে অংশ নেওয়াসহ আন্দোলন দমনে রাজনৈতিক নির্দেশনা ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে ছয়জনকে হত্যার ঘটনায় আসামিরা জড়িত ছিলেন। হানিফের বিরুদ্ধে টেলিফোনে স্থানীয় পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এসব অভিযোগের পক্ষে টেলিফোন কথোপকথনের রেকর্ডসহ বিভিন্ন তথ্যপ্রমাণ উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

গত বছরের ৫ অক্টোবর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ২০২৫ সালের ২ নভেম্বর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলায় তদন্ত কর্মকর্তাসহ ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। গত ২৩ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শেষ হয়। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ চার আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় আন্দোলন চলাকালে নিহত ছয়জন হলেন আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, আবদুল্লাহ আল মুত্তাকিন, মো. উসামা, বাবলু ফরাজী ও ইউসুফ শেখ। আগামী ২৯ অক্টোবর তাঁদের হত্যার মামলায় রায় ঘোষণা করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত