রিট খারিজ, মিরপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে আর বাধা নেই
রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বপ্ননগর-৩ আবাসন প্রকল্পের কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে প্রকল্পের ১১ দশমিক ৭৫ একর জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণসহ অন্যান্য কাজ চালাতে আর কোনো আইনি বাধা নেই।
সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দুই পক্ষের শুনানি শেষে রিটটি খারিজের আদেশ দেন।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ রিট দায়ের করেন। তাদের অভিযোগ ছিল, মিরপুর-১১-এর বাউনিয়াবাদ এলাকায় বাউন্ডারি ওয়াল নির্মাণের ফলে ‘Resettlement of 1600 Squatter Families of Mirpur, Dhaka’ প্রকল্পের আওতায় বসবাসরত বস্তিবাসীরা উচ্ছেদের মুখে পড়তে পারেন।
তবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আদালতকে জানায়, বস্তিবাসীদের উচ্ছেদের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং পুনর্বাসন প্রকল্পের জন্য নির্ধারিত জমির বাইরে নিজেদের মালিকানাধীন জমিতে অবৈধ দখল ও অননুমোদিত ব্যবহার বন্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানায়, নাগরিকদের আবাসন সমস্যা সমাধানে স্বপ্ননগর-৩ প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় ১১ দশমিক ৭৫ একর নিজস্ব জমিতে নির্মাণকাজ চলছে। অন্যদিকে, ১ হাজার ৬০০ বস্তিবাসীর পুনর্বাসনের জন্য নির্ধারিত জমি সম্পূর্ণ আলাদা।
শুনানি শেষে আদালত বস্তিবাসীদের উচ্ছেদের পক্ষে কোনো কার্যক্রমের প্রমাণ না পেয়ে রিটটি খারিজ করে দেন।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সারা হোসেন ও ব্যারিস্টার অনিতা গাজী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রউফ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
রিট খারিজের ফলে মিরপুরের বাউনিয়াবাদে স্বপ্ননগর-৩ প্রকল্পের চলমান কাজ অব্যাহত রাখতে আর কোনো আইনি বাধা থাকল না।
বিভি/টিটি













মন্তব্য করুন: