• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইয়াবার মামলায় তিনজনের যাবজ্জীবন দণ্ড

প্রকাশিত: ১৫:২৯, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৫৭, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইয়াবার মামলায় তিনজনের যাবজ্জীবন দণ্ড

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধারের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে মো. আলম, ইব্রাহিম মিয়ার স্ত্রী সেনোয়ারা বেগম ও খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশারফ আলী।

ছয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তিন আসামিই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই নগরীর বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে অভিযান চালিয়ে মো. আলম, মোশারফ আলী ও সেনোয়ারা বেগমকে ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় এসআরবি-৭ (তৎকালীন র‍্যাব-৭)-এর চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিদুর রহমান বাদী হয়ে নগরীর বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

বিভি/চট্টগ্রাম/এসবি

মন্তব্য করুন: