• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জ্ঞাত আয়ের বাইরে ৬ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ, সাবেক এমপি লতিফের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ১৬:৪৫, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৫, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জ্ঞাত আয়ের বাইরে ৬ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ, সাবেক এমপি লতিফের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ছয় কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আবদুল লতিফের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন । দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুল লতিফের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদকের প্রধান কার্যালয়। ২০২৫ সালের ৮ এপ্রিল এ অনুসন্ধান শুরু হয়।

অনুসন্ধানে তার নামে ১৪টি নিবন্ধিত দলিলের মাধ্যমে কেনা জমিসহ মোট ১০ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ৫১৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। তার সম্মানী, ব্যবসা থেকে আয়, ব্যাংক সুদ ও অন্যান্য উৎস মিলিয়ে ছয় কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকার বৈধ আয়ের তথ্য পাওয়া যায়। তবে পারিবারিক ও অন্যান্য খাতে তার ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৬১ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা। এসব ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ আয়ের পরিমাণ দাঁড়ায় চার কোটি ১৬ লাখ ৮২ হাজার ২৩৫ টাকা। এ হিসাবে তার অর্জিত সম্পদের সঙ্গে বৈধ আয়ের ব্যবধান ছয় কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকা। দুদকের অভিযোগ, এই পরিমাণ সম্পদ তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে ভোগদখলে রেখেছেন।

এজাহারে আরও বলা হয়, আবদুল লতিফ আয়কর নথিতে হর্টিকালচার ও কৃষি খাতে তিন কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা আয় দেখিয়েছেন। তবে অনুসন্ধানের সময় ওই আয়ের পক্ষে কোনো প্রামাণ্য কাগজপত্র বা তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। ২০১১ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ২৬ জুলাই পর্যন্ত সময়ে এসব সম্পদ অর্জনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: