• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

যৌনপল্লীতে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করায় দুইজনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:২৪, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যৌনপল্লীতে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করায় দুইজনের যাবজ্জীবন

ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা ও পৈশাচিক নির্যাতনের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়ির ভাড়াটিয়া এলেম খার স্ত্রী রোজী সরদারনি এবং বাহির চর দৌলতদিয়ার মজি ফকির পাড়ার বাসেদের ছেলে মোদী ফকির। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একই আইনের ১১ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে প্রতারণামূলকভাবে রাজবাড়ীর দৌলতদিয়ায় নিয়ে আসা হয়। রাতে তাকে দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়িতে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। ওই তরুণী পতিতাবৃত্তিতে অস্বীকৃতি জানালে ২০১৫ সালের ১৭ নভেম্বর রাত থেকে ১৮ নভেম্বর সকাল পর্যন্ত তাকে বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে পৈশাচিক নির্যাতন করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরবর্তীতে দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মী ও স্থানীয় সাংবাদিকদের সহায়তায় সুস্থ হয়ে ভুক্তভোগী তরুণী গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ী মানব পাচার প্রতিরোধ ও দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা বলেন, সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বিভি/রাজবাড়ী/পিএইচ

মন্তব্য করুন: