• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীসহ ২ আসামির মৃত্যুদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৪, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীসহ ২ আসামির মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী শওকত আলীসহ দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরও দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে শওকত আলী (৩৩) এবং সাতক্ষীরা কুখরালী কলোনিপাড়া এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০)।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- কুখরালী কলোনিপাড়া এলাকার মো. আতিয়ার রহমানের মেয়ে মোছা. হাসিনা খাতুন (৩৫) এবং আতিয়ারের স্ত্রী ছবিরণ খাতুন (৫৫)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত খালাস দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগরপাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে মাধবকাটির শওকত আলীর বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান জন্ম নেয়। বিয়ের পর শওকত আলী দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে নাছিমা বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে স্বামীকে দেন। এরপরও তার ওপর নির্যাতন বন্ধ হয়নি।

পরে শওকত আলী কুখরালী কলোনিপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। এ সময় নাছিমা ও তার সন্তানরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তবে শওকত তাদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন।

এ নিয়ে নাছিমা সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ৩০ আগস্ট তাদের পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।

মামলার বিবরণ অনুযায়ী, এর জেরে এক দিন আগে ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার ভাই শফিকুল ইসলাম ও মা ছবিরণ খাতুন ইটাগাছার ভাড়া বাড়িতে গিয়ে নাছিমাকে মারধর করেন। একপর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মৃত্যুর আগে নাছিমা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন।

আদালত সাতজনের সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে বুধবার শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং হাসিনা খাতুন ও ছবিরণ খাতুনকে খালাসের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

বিভি/সাতক্ষীরা/পিএইচ

মন্তব্য করুন: