যশোরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার
যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর বিশেষ অভিযান সফলভাবে শেষ হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৪টি বিদেশি পিস্তল, ৩৭ রাউন্ড গুলি, ২টি ওয়্যারলেস সেট ও ১০টি গ্রেনেড সদৃশ বস্তু।
সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দাড়িহাগড়া পূর্বপাড়া গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়। অভিযান শেষে রাত ১২টার পর সেনাবাহিনীর পক্ষ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।
সূত্র মতে, অভিযানে মূল সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে (২৮)। তিনি দড়িআগ্রা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে রায়হান পালিয়ে যান। তার বসতঘরে তল্লাশি চালিয়ে ওইসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী সেনাবাহিনীর বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ দল কর্তৃক নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারতো।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তৎপরতার তথ্য পেলে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে বাঘারপাড়া থানা পুলিশের ওসি মাহমুদুল হাসান জানান, পলাতক রায়হান মোল্লাকে গ্রেফতারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিভি/এজেড



মন্তব্য করুন: