• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেফতার ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেফতার ৫

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হওয়ার মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম। তিনি জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আহত তিনজনকেও মামলায় আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে ইউসুফ আলী (৪৫) ও গুটা পাড়া গ্রামের ফজর আলীর ছেলে শাকিল (৩৭)-কে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বিস্ফোরণে আহত সদর থানার ঘোড়াস্ট্যান্ড এলাকার রফিজুল ইসলামের ছেলে মো. শুভ (২২), চরবাগডাঙ্গা এলাকার মো. জেনারুল হকের ছেলে মো. মিনহাজ উদ্দিন (৩০) এবং একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. বজলুর রহমান (২০)-কে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ উদ্দিন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিভি/এজেড

মন্তব্য করুন: