• NEWS PORTAL

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের বেশকিছু মুদ্রা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্র জানায়, সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত দিয়ে তিনজন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)র সদস্য বলে পরিচয় দেয়। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের বেশকিছু মুদ্রা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, “সীমান্ত এলাকা থেকে বিজিবি তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম বলেন, “ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে।

সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্ত ঘেঁষা বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ ও মাদক পাচারের ঘটনা রোধে বিজিবি নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত