সাংবাদিকদের মারধরের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার
ছবি: সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অভিযান চলাকালে দুই সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের প্রত্যাহার করার তথ্য দিয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, চারজনকে ক্লোজ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এই চারজন শাহবাগ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তাদের নাম পাওয়া যায়নি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ দুই দর্শনার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে মঙ্গলবার শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তার সতীর্থরা।
তারা দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত থানার সামনে জড়ো হয়ে তিনটি দাবি তুলে ধরে বিক্ষোভ করেন। পরে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বিক্ষোভকারীরা থানার সামনে থেকে চলে যান।
সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই সাংবাদিক, শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ কয়েকজন দর্শনার্থী পুলিশের মারধরের শিকার হন।
ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন- বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের তোফায়েল আহমেদ (২৫) এবং আজকের পত্রিকার কাউসার আহমেদ রিপন (২৭)।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল পুলিশ সদস্য তোফায়েলকে লাঠি দিয়ে নির্বিচারে পেটাচ্ছেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
বিভি/এসজি



মন্তব্য করুন: