কোটি টাকা চেয়ে অপহরণ, ১০ দিন পর ব্যবসায়ীকে পাওয়া গেল ইটভাটায়
অপহরণের পর উদ্ধার হওয়া ব্যবসায়ী
কোটি টাকা মুক্তিপণের দাবিতে যশোর থেকে অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে উদ্ধার করেছেন র্যাব-৬-এর সদস্যরা। বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
সূত্র জানায়, অপহৃত জাহাঙ্গীর আলম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের যশোর শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে একটি ওষুধের দোকান রয়েছে। গত ২ মার্চ রাতে দোকান বন্ধ করে তিনি শহরের খোলাডাঙ্গা এলাকার বাসার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে অপহরণকারীরা তার পরিবারের কাছে মোবাইল ফোনে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে যশোর কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জাহাঙ্গীর আলমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি শুরু করেন।
এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর রোড এলাকায় একটি ইটভাটায় হানা দেন র্যাব সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স জানান, অপহৃত ব্যবসায়ীকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: