• NEWS PORTAL

  • বুধবার, ১৮ মার্চ ২০২৬

মাত্র ৫০ হাজার টাকার জন্য নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি বাবার!

প্রকাশিত: ০১:০৭, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ০১:০৮, ১৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মাত্র ৫০ হাজার টাকার জন্য নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি বাবার!

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজের শিশু সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে পুলিশের অভিযানে অপহৃত শিশু সিয়ামকে (৮) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্ত বাবা মো. আজিজুল (২৮) তার এক সহযোগীকে নিয়ে শিশু সিয়ামকে অপহরণ করেন। পরে একটি নির্জন বাগানে নিয়ে সিয়ামকে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবি করা অর্থ না দিলে শিশুটিকে হত্যা করে মরদেহ গুম করারও হুমকি দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম মাঠে নামে। অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জীবননগর থানাধীন পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আজিজুল ও তার সহযোগী মো. আক্তারকে (২৬) গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

অভিযানকালে ভুক্তভোগীর শিশুর জীবন রক্ষার্থে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের কাছে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা, একটি ধারালো হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটির মা বর্তমানে ভারতে রয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে সিয়ামকে অপহরণ করে তার গলায় ধারালো অস্ত্র ধরে ছবি তুলে তার মায়ের কাছে পাঠান অভিযুক্তরা। শিশুটির মায়ের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশেই এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত বাবা আজিজুল।
এ ঘটনায় জীবননগর থানায় মামলা করা হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, শ্বাসরুদ্ধকর অভিযানে শিশুটিক উদ্ধার করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত