ঘরে ঢুকে এক পরিবারের চারজনকে গুলি!
খুলনায় লবণচরায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবণচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন— কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল প্রায় তিন বছর আগে মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাগারে যান। সেখানে তার সঙ্গে ইমরান নামে এক ব্যক্তির পরিচয় হয়। সেই সূত্র ধরে কারামুক্তির পর রাশিদুল ইমরানের বাড়িতে যাতায়াত শুরু করেন। এ সময় ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রায় ছয় মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন ইমরান এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে সশস্ত্র সহযোগীদের নিয়ে তিনি এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে পরকীয়াজনিত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ে গুলি লেগেছে। তাদের শরীর থেকে গুলি বের করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ছয়জন জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: