সীমান্ত থেকে মাদক তৈরির মূল্যবান ভারতীয় কেমিক্যাল জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৪৩ লাখ টাকা মূল্যের মাদক তৈরীর মূল্যবান ভারতীয় কেমিক্যাল ও ঔষধ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কুশখালী, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোজালির মোড় ও শ্মশান ঘাট নামক স্থান হতে ৪০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের মাদক তৈরীর ২০ বোতল মূল্যবান ভারতীয় আফিন কেমিক্যাল (২৫ এমএল) ও ঔষধ জব্দ করে।
এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার চান্দুড়িয়া নামক স্থান হতে এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৪২ লাখ ৮০ হাজার টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় ঔষধ গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য তৈরির কেমিক্যালসমূহ সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সাধারণ ডায়েরি করার পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটেলিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে। তিনি আরো জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/এসজি



মন্তব্য করুন: