• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

থানার ভেতরে ঢুকে পুলিশের ওপর হামলা: জামায়াত নেতা মিজান গ্রেফতার

প্রকাশিত: ১৮:০০, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ১৮:০০, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
থানার ভেতরে ঢুকে পুলিশের ওপর হামলা: জামায়াত নেতা মিজান গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ একাধিক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান সারোয়ারে আলম। তিনি জানান, ভোররাতে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সেক্রেটারি এবং সাবেক পৌর আমির। তিনি এ মামলার অজ্ঞাতনামা আসামি।

ঘটনাটি ঘটে গত ২৫ মার্চ রাতে। অভিযোগ রয়েছে, জামায়াতের স্থানীয় নেতা মাহমুদুল হাসান পলাশ কয়েকজনকে নিয়ে থানায় গিয়ে ওসির সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তারা একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের চাপ দিলে ওসি রাজি না হওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে ওসি ও উপস্থিত পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে এক নারী কনস্টেবলসহ নয়জন আহত হন।

এ ঘটনায় আহত এএসআই রুহুল আমিন বাদী হয়ে ২৬ মার্চ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত আসামি করে মামলা করেন। এর আগে ঘটনাস্থল থেকে তৌহিদুল ইসলাম নামে একজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: