যে কারণে গ্রেফতার হলেন ‘কন্টেন্ট ক্রিয়েটর’ প্রিয়া খান
মধ্যরাতে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন আলোচিত ‘কন্টেন্ট ক্রিয়েটর’ প্রিয়া খান (২২)। একই অভিযানে তার পরিবারের সদস্যদেরও গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, নেত্রকোনার আটপাড়া থানায় দায়ের করা এক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে প্রিয়া খান, তার মা ও ভাইকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রিয়া খান, তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়াকে গ্রেফতার করা হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, প্রিয়া খান ও তার পরিবারের বিরুদ্ধে আটপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের ছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। যদিও আশুলিয়া থানা এলাকায় তাদের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই, তবুও সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, শনিবার দুপুরে আটপাড়া থানা পুলিশ আশুলিয়া থানা থেকে তাদের হেফাজতে নিয়ে আসে।
এদিকে আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নারী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করার সাহস পেতো না।
তিনি বলেন, নেত্রকোনার আটপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানার মামলার একজন আইও গ্রেফতারদের পুলিশ হেফাজতে নিতে আশুলিয়া থানায় এসেছেন। এ সময় শত শত লোকের ভিড় থেকে তাদের থানার গাড়িতে উঠাতে বেশ বেগ পেতে হয়।
এসআই রফিকুল ইসলাম জানান, আটপাড়া থানার একটি মামলায় প্রিয়া খানসহ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির বাদী তমা আক্তার। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া এলাকায়। এছাড়াও ওই থানায় প্রিয়া খান, তার ভাই ও মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: