শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা!
ছবি: নিহত শামীম
চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ শামীম নামের এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মোহাম্মদ শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির আবুল মনসুরের ছেলে।
জানা গেছে, শামীম দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন এবং রাজনৈতিক কারণে আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে তার স্ত্রী সীতাকুণ্ড বাজারে স্বর্ণ বন্ধক রেখে টাকা এনে বাবার বাড়িতে যান। পরে সন্ধ্যার দিকে শামীমও সেখানে পৌঁছান।
অভিযোগ রয়েছে, রাত আটটার দিকে স্থানীয় সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল তাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর তার লাশ বেড়িবাঁধসংলগ্ন তালতলা এলাকায় ফেলে রাখা হয়। মধ্যরাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: