• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাত, আহত ৩

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪১, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাত, আহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় সৃষ্টি হওয়া দ্বন্দ্বে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এবিএম রশিদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত তিনজনের মধ্যে একজনকে রংপুরে পাঠানো হয়েছে এবং দুইজনকে পলাশবাড়ীতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া একজনকে আটক করা হয়েছে।

আহতরা হলেন কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। আহত সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দুইজন বর্তমানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আটক রেজওয়ান পলাশবাড়ী পৌরশহরের মহেশপুর গ্রামের আজাহারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে সকাল থেকে তেল দেওয়া হচ্ছিল। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোর বিষয়কে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে রেজওয়ানের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে কাওসার, জাহিদ ও সিহাবকে আঘাত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিলিং স্টেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের চিকিৎসা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং তেল সরবরাহ অব্যাহত রয়েছে।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত