ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহত নজরুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে নজরুল ইসলামের বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে নজরুল ইসলাম খানকে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর মাথায় আঘাত করা হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের মেয়ে রুনা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাপী বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: