অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন, সবশেষ যা জানা গেল
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। এর আগে মামলাটির তদন্ত করছিলেন একই থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটির গুরুত্ব বিবেচনায় তদন্ত কর্মকর্তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ জানান, পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করবেন।
তিনি বলেন, দ্রুত তদন্ত শেষ করে আদালতে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের চেষ্টা করবেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানিয়েছিলেন, তদন্তের দায়িত্ব পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদকে দেওয়া হয়েছে। এক-দুই দিনের মধ্যে মামলার প্রয়োজনীয় নথিপত্র তার কাছে হস্তান্তর করা হবে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, এখন থেকে মামলাটির তদন্ত করবেন থানার পরিদর্শক (তদন্ত)। অপ্রতিম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনের স্বীকারোক্তি পাওয়া গেছে। তবে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: