বিমানবন্দরে ১১৬৩ কচ্ছপসহ আটক ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ১৬৩টি কচ্ছপসহ মো. শহীদুল ইসলাম (৫৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে এসব কচ্ছপ জব্দ করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সূত্রে জানা গেছে, বন অধিদপ্তরের আগারগাঁও কার্যালয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার, বিমানবন্দর পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. শহীদুল ইসলামের কাছ থেকে ১ হাজার ১৬৩টি কড়ি কাইট্টা বা কচ্ছপ জব্দ করা হয়। তিনি টাঙ্গাইলের হোসনাবাদ, মাহমুদনগর এলাকার বাসিন্দা।
জানা গেছে, বাটিক এয়ারের ওডি১৬১ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাওয়ার সময় কচ্ছপসহ শহীদুল ইসলামকে আটক করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬ লঙ্ঘনের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানিয়েছে, জব্দ করা কচ্ছপগুলো পরবর্তী সময়ে তাদের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: