• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

স্কুলছাত্রীর দাঁত ভেঙে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ফয়সাল গ্রেফতার

প্রকাশিত: ১৯:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্কুলছাত্রীর দাঁত ভেঙে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ফয়সাল গ্রেফতার

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করেছে এসআরবি-৮ (পটুয়াখালী ক্যাম্প)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার পুরাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী ও অভিযুক্ত ফয়সাল পাশাপাশি বাড়িতে বসবাস করেন এবং তারা পরস্পরের আত্মীয়। অভিযোগ রয়েছে, ফয়সাল দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া ফয়সাল ও তার সহযোগীরা স্কুলছাত্রীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে সে গুরুতর আহত ও রক্তাক্ত হয়। হামলায় তার তিনটি দাঁত ভেঙে যায়।

পরে স্থানীয়রা আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তার মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন।

মামলার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরে বিষয়টি নিয়ে এসআরবি ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে ফয়সালের অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ফয়সালকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত