কোটি টাকা আত্মসাৎ করে পালানো অগ্রণী ব্যাংকের সেই কর্মকর্তা গ্রেফতার
মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখায় গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ব্যাংক কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগকে ঢাকার মিরপুর পাইকপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হাসান জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীনগর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম তাকে আটক করে।
তিনি আরো জানান, অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখার ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন শরিফুজ্জামান সোহাগ। তার বিরুদ্ধে বিপুলসংখ্যক গ্রাহকের কাছ থেকে ব্যাংকের জমা স্লিপ ব্যবহার করে টাকা গ্রহণ এবং পরে সেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পর গত কয়েকদিন ধরে ব্যাংকটির সামনে ভুক্তভোগী গ্রাহকদের ভিড় ও বিক্ষোভ দেখা যায়। টাকা ফেরত পাওয়ার দাবিতে ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দেন তারা।
গত দুই দিনে ২৩০ জন গ্রাহক লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে রোববার ১৮৪ জন এবং সোমবার আরও ৪৬ জন গ্রাহক অভিযোগ করেন। এসব অভিযোগে সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৮৪ লাখ টাকা পর্যন্ত পাওনা দাবির কথা উল্লেখ রয়েছে। অভিযোগের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোট অর্থের পরিমাণ ২৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
গ্রাহকদের অভিযোগ, তারা শরিফুজ্জামানের সঙ্গে ব্যক্তিগতভাবে নয়, অগ্রণী ব্যাংকের মাধ্যমেই লেনদেন করেছেন। ব্যাংকের জমা স্লিপ ব্যবহার করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ব্যাংকের কার্যালয়ে এ ধরনের লেনদেন চললেও সংশ্লিষ্টরা বিষয়টি কেন জানতে পারেননি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
বিভি/এজেড













মন্তব্য করুন: