• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ১৫:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

রাজধানীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে রমনা থানাধীন সেগুনবাগিচার ২০ নম্বর এলাকার ২/এ নম্বর বাসা থেকে ডিবির গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে। তিনি এ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোলাম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি করা হয় ২৭ সেপ্টেম্বর।

মামলার এজাহার অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় প্রকল্পটির বিভিন্ন স্থাপনা ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়। একই ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা ও ভাঙচুর করা হয়।

নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া এ ঘটনায় মামলা করেন। এতে গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

পুলিশের ভাষ্য, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ মামলায় এরই মধ্যে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

বিভি/এজেড/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত