নরসিংদীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ২০ কার্টন সুতা জব্দ
নরসিংদীর মাধবদীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ করেছে পুলিশ। এ সময় সুতা বহনকারী একটি ভ্যান ও এর চালককে হেফাজতে নেওয়া হয়েছে। জব্দ করা সুতার পরিমাণ ২ হাজার ২০০ পাউন্ড, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মাধবদীর বিরামপুর এলাকা থেকে সুতা বোঝাই ভ্যানটি জব্দ করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীন থেকে আমদানি করা সুতা বোঝাই ভ্যানটি নরসিংদী সদর উপজেলার পুরিন্দা এলাকা থেকে মাধবদীর একটি কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক কামরুল হাসানের সন্দেহ হলে তিনি ভ্যানটি থামিয়ে মাধবদী থানায় নিয়ে যান। পরে পুলিশ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২০ কার্টন সুতা জব্দ করে। এ সময় ভ্যানচালককেও হেফাজতে নেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, জব্দ করা ২০ কার্টনে মোট ২ হাজার ২০০ পাউন্ড সুতা রয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। তবে, আটককৃত ভ্যান চালকের নাম ও পরিচয় প্রকাশ করে নি পুলিশ।
জানা গেছে, মাধবদীর জাহাঙ্গীর ট্রেডার্স থেকে মর্ডান ট্রেডার্সের জন্য এসব সুতা নেওয়া হচ্ছিল।
পুলিশ সূত্রে আরও জানা যায়, জব্দ করা সুতার উৎস সম্পর্কে নিশ্চিত হতে পুরিন্দা এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। সেখানে আরও বিপুল পরিমাণ মালামালের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। উদ্ধারের কাজ চলছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিটিএমএ পরিচালক কামরুল হাসান সন্ধ্যায় একটি ভ্যানসহ ২০ কার্টন চায়না সুতা থানায় নিয়ে আসেন। পরে ভ্যানচালকসহ মালামালগুলো জব্দ করা হয়। জব্দ করা সুতার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। বিষয়টি কাস্টমস কর্মকর্তাকে জানানো হয়েছে। বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জব্দ করা সুতার বৈধ আমদানি কাগজপত্র, শুল্ক-কর পরিশোধ এবং এগুলো কোন প্রতিষ্ঠান বা কারখানায় নেওয়া হচ্ছিল—এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে। তবে, প্রাথমিকভাবে আমদানি করার ট্যাক্সের কাগজপত্র পাওয়া যায়নি।
বিভি/এজেড













মন্তব্য করুন: