গ্রেফতারের আগে ভিডিওবার্তায় যা বললেন আখতারুজ্জামান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা এবং মারধরের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ডিবি প্রধান শফিকুল ইসলাম আখতারুজ্জামানকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
ভিডিওবার্তায় আখতারুজ্জামান বলেন, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, শুধু আপনাদের জানিয়ে গেলাম সবাইকে।
আখতারুজ্জামান বলেন, দোয়া করবেন আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য বিশেষ করে প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য শহিদ হতে পারি। আল্লাহ যেন আমার সেই আহ্বান কবুল করেন।
তিনি আরও বলেন, জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকব আজীবন। যতদিন বেঁচে আছি, ততদিন জনগণের পাশে থাকব, জনগণের জন্য সংগ্রাম করব। জনগণের জন্য এই জীবন ত্যাগ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
বিমানবন্দরের ঘটনায় মামলা
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে শুক্রবার বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।
মামলার এজাহারে বলা হয়, মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই সময় বিমানমন্ত্রীকে নিয়েও আখতারুজ্জামান অশালীন মন্তব্য করেন।
ঘটনাস্থলের সংরক্ষিত এলাকায় তার সঙ্গে থাকা কয়েকজন ভিডিও ধারণ করছিলেন। নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দিলে আখতারুজ্জামান তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ঘটনার বিষয়ে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আখতারুজ্জামান এর আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একাধিকবার তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: