• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

সরকারি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে দেশব্যাপী অভিযান

প্রকাশিত: ০১:১৩, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সরকারি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে দেশব্যাপী অভিযান

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে রাজধানীসহ দেশের ১৬ জেলায় বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) অধিদফতরের ২৩টি টিম একযোগে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে।

অধিদফতর জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম নেওয়া বন্ধে এ তদারকি কার্যক্রম চালানো হয়।

অভিযানের সময় ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে তা সরবরাহ, সিলিন্ডারের নিরাপত্তাবিধি মেনে চলা এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় যাচাই করা হয়।

এ ছাড়া ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডার মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

গ্যাস সিলিন্ডার কেনার সময় ভোক্তাদের ওজন, সিল, মেয়াদ ও সিলিন্ডারে দৃশ্যমান কোনো ত্রুটি রয়েছে কি না, তা যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদফতর। পাশাপাশি মূল্যতালিকা দেখে পণ্য কেনা এবং ক্রয়ের পর রশিদ বা ভাউচার সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিক্রিতে কোনো অনিয়মের অভিযোগ থাকলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন ১৬১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।

বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদফতর।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত