দেবরপুত্রের দায়ের কোপে কাকি নিহত!
সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুধা রানী মণ্ডল বাদঘাটা গ্রামের মধুসূদন মণ্ডলের স্ত্রী। অভিযুক্ত রমেশ মণ্ডল একই গ্রামের শ্রীদাম মণ্ডলের ছেলে।
এ ঘটনায় আহত দুজন হলেন মধুসূদন মণ্ডলের ছেলে সমীর কুমার মণ্ডল (২৮) এবং অভিযুক্ত রমেশ মণ্ডলের মা কমলা রানী মণ্ডল (৫০)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রমেশ মণ্ডল ধারালো দা দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তাকে বাধা দিতে গেলে তার মা কমলা রানী মণ্ডল, কাকি সুধা রানী মণ্ডল ও চাচাতো ভাই সমীর কুমার মণ্ডল আহত হন।
পরে পরিবারের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুধা রানী মণ্ডলকে মৃত ঘোষণা করেন।
আহত সমীর কুমার মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহত কমলা রানী মণ্ডল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রমেশ মণ্ডলকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: