স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় হত্যা, অতঃপর যা ঘটলো
ঢাকার কেরানীগঞ্জে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ফলবরু (৮০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সিরাজুল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফলবরু ওই এলাকার মৃত আশরাফ আলীর মেয়ে এবং মৃত লাল মিয়ার স্ত্রী। তিনি মেয়ের সঙ্গে বসবাস করতেন। অভিযুক্ত সিরাজুল একই এলাকার মৃত মতিনের ছেলে।
নিহতের ছেলে আব্দুল কুদ্দুস জানান, তার মা বোনের বাড়ির পাশেই ছোট ভাই ইদ্রিসের উঠানে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় সিরাজুল তার মায়ের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তার মা সিরাজুলকে চিনে ফেলায় তিনি ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ করেন আব্দুল কুদ্দুস।
প্রতিবেশী বহর বাইয়া জানান, চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি বৃদ্ধার মরদেহ দেখতে পান। এ সময় কয়েকজন তাকে জানান, লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বৃদ্ধাকে হত্যা করে পালিয়ে গেছেন। পরে সিরাজুলকে সন্দেহ হলে স্থানীয় লোকজন তার বাড়িতে গিয়ে তাকে রক্তমাখা অবস্থায় দেখতে পান। এরপর তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
প্রতিবেশী নাজমা জানান, তার ফুফু ফলবরু বাড়ির উঠানে ঝাড়ু দেওয়ার সময় গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় বাধা দেন। এ সময় সিরাজুল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ফুফুর গলা কেটে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে তিনি দাবি করেন।
এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত সিরাজুলের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে অভিযুক্ত সিরাজুলকে গ্রেফতার করা হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: