• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে দেশে ৪৩ সাংবাদিকের ওপর হামলা-নিপীড়ন: বাংলাদেশ মিডিয়া মনিটর

প্রকাশিত: ১৭:১২, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:১৩, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সেপ্টেম্বরে দেশে ৪৩ সাংবাদিকের ওপর হামলা-নিপীড়ন: বাংলাদেশ মিডিয়া মনিটর

ছবি: সংগৃহীত

গত সেপ্টেম্বরে দেশজুড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত ৪৩ জন সংবাদকর্মী নানাভাবে শারীরিক হামলা, আইনি হয়রানি ও হুমকির শিকার হয়েছেন। শুধু সাংবাদিকরাই নন, তাঁদের পরিবারের সদস্যরাও শারীরিক নির্যাতন, বাড়িঘরে হামলা এবং অপহরণের মতো ভয়াবহ হুমকির মুখে পড়েছেন। এসবের বাইরে একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানও আক্রমণের শিকার হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ‘বাংলাদেশ মিডিয়া মনিটর’-এর প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যমের এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, সেপ্টেম্বর মাসে গণমাধ্যমকর্মীদের ওপর মোট ৩১টি পৃথক আক্রমণের ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা, যার হার ৩৫ দশমিক ৪৮ শতাংশ। এসব ঘটনায় সরাসরি ভুক্তভোগী হয়েছেন ১৩ জন সাংবাদিক। এছাড়া আইনি নিপীড়ন ও মামলার শিকার হয়েছেন আটজন (১৯ দশমিক ৩৫ শতাংশ)। 

অন্যদিকে, পাঁচটি শারীরিক হামলায় ১১ জন সাংবাদিক গুরুতর আহত বা রক্তাক্ত হয়েছেন, যা মোট ঘটনার ১৬ দশমিক ১৩ শতাংশ। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দুজন সাংবাদিকের গ্রেপ্তার, মামলা, জিজ্ঞাসাবাদ এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দের মতো ঘটনাও ঘটেছে।

বাংলাদেশ মিডিয়া মনিটরের তথ্যমতে, সাংবাদিকদের পেশাগত পরিসরের বাইরে ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাও চরমভাবে বিঘ্নিত হয়েছে। তিন সাংবাদিকের বাসভবনে সশস্ত্র হামলা, তল্লাশির নামে তাণ্ডব ও ভাঙচুর চালানো হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে দায়িত্ব পালনকালে বাধা ও লাঞ্ছনার শিকার হন তিন সংবাদকর্মী এবং একটি উন্মুক্ত সমাবেশে মব হামলায় শারীরিকভাবে নিগৃহীত হন আরেকজন। এছাড়া একটি সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকের ওপর ধর্মীয় শর্ত চাপিয়ে লিঙ্গবৈষম্যমূলক আচরণ করা হয়। পাশাপাশি বকেয়া বেতনের কারণে এক জ্যেষ্ঠ সাংবাদিকের মৃত্যুর মর্মান্তিক ঘটনাও সংস্থাটির প্রতিবেদনে স্থান পেয়েছে।

এসব হামলার পেছনে কারা জড়িত তারও একটি পরিসংখ্যান দিয়েছে বাংলাদেশ মিডিয়া মনিটর। সংস্থাটি বলছে, সংঘটিত ৩১টি ঘটনার মধ্যে অন্তত ১৫টিতে সরাসরি রাজনৈতিক নেতা, দলীয় কর্মী বা সহযোগী সংগঠনের সম্পৃক্ততা মিলেছে। বাকি ১৬টি ঘটনার নেপথ্যে ছিল স্থানীয় দুর্নীতিবাজ আমলাতন্ত্র, আইনশৃঙ্খলা বাহিনীর একক স্বেচ্ছাচারিতা, সংঘবদ্ধ মাদক চক্র এবং নিয়ন্ত্রণহীন মব সহিংসতা।

বিভি/এআই

মন্তব্য করুন: