রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ইয়াবাসহ দুই জনকে গ্রেফতারের পর আসামি ছিনিয়ে নিতে চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের গ্রেফতারে চলছে অভিযান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ এক নারীসহ দুজনকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ। পরে তাদের পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ এবং ধারালো অস্ত্র দিয়ে দরজা-জানালা ভাঙচুর করা হয়। হামলাকারীরা পুলিশ সদস্যদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে ৭/৮জনের একটি সন্ত্রাসী দল চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে স্টেশন এলাকায় প্রবেশ করে। তারা প্রথমে তার কক্ষের দরজা-জানালায় কোপ দিয়ে ভাঙচুর করে। পরে রেলওয়ে পুলিশের ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ধারালো অস্ত্র দিয়ে দরজা-জানালা ভাঙচুর চালায়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও গাজীপুর সদর মেট্রোপলিটন থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় মাদক উদ্ধার ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: