ইয়াবাকাণ্ডে সাতকানিয়া থানার ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে সাতকানিয়া থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের প্রত্যাহার করা হয়। তবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন। তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনিট্রাকে করে ৩০ হাজার ইয়াবা চট্টগ্রামের দিকে পাচার করা হচ্ছিল। পথে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে মোটরসাইকেল নিয়ে কয়েকজন পুলিশ সদস্য ট্রাকটির গতিরোধ করেন। পরে ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যাওয়া হয়।
সেখানে পুলিশের দুই কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় চালকের আসন থেকে ৩০ হাজার ইয়াবা লুট করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সাতকানিয়া থানার ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
তদন্ত শেষে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: