• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জমিসংক্রান্ত বিরোধে বৃদ্ধ খুন, নারীসহ আটক ১৬

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৪, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জমিসংক্রান্ত বিরোধে বৃদ্ধ খুন, নারীসহ আটক ১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার সঙ্গে মকবুল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মকবুল হোসেনের ওপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে পরিবারের কয়েকজন সদস্যও আহত হন। তাদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল উদ্ধারসহ নারী-পুরুষ মিলিয়ে ১৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন একই গ্রামের শাহাবুদ্দিন মিয়া (৬০), নজরুল ইসলাম (৫০), মঞ্জু মিয়া (৪০), রেজাউল করিম (২৮), রাশেদুল ইসলাম (২৮), মোকছেদুল ইসলাম (১৮), আবিল হোসেন (১৮), মিন্টু মিয়া (৩৫), লিটন মিয়া (৩৫), মোছা. নিরফুল (৪০), কল্পনা বেগম (২৫), নুর ভানু (৪৫), শিল্পী বেগম (৩৫), খোরশেদা বেগম (২৬), ফাতেমা বেগম (১৯) ও শাবানা খাতুন (২২)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: