বাড়িতে বসে অনলাইন জুয়া পরিচালনা করতেন সালাউদ্দিন, ধরা পড়লো ডিবির হাতে
সাতক্ষীরার শ্যামনগরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মোঃ সালাউদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি পুরোনো মোবাইল ফোন জব্দ করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে উপজেলার গড়কুমারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ সালাউদ্দিন ওই গ্রামের মুকুল সানার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গড়কুমারপুর এলাকার মুকুল সানার বাড়িতে একটি চক্র স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সরোয়ার হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে যুবক সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শ্যামনগর থানায় জুয়া প্রতিরোধ আইনের ২০২৬-এর ১৬, ১৭, ২৫ ও ২৭ ধারায় গ্রেপ্তারকৃত সালাউদ্দীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশি পাহারায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: